দিদি ঘর থেকে বেরিয়ে যাবার পর কমল একা কি আর করবে? ঘরের একদিকে পাতা খাটের ওপর সে লম্বা হয়ে শুয়ে অপেক্ষা করতে লাগলো তার দিদি ফিরে আসা পর্যন্ত।
ঘরের মধ্যে একটা লন্ঠন জ্বলছিল। তার টিমটিমে আলোয় ঘরের চারিদিকে দেখতে দেখতে কমলের হঠাৎ যেন মনে হল, কি বীভৎস এই ঘরটা। বুকের ভেতরটা কেমন যেন দুরুদুরু করে উঠলো! এই সময় তার দৃষ্টি গিয়ে পড়লো দেয়ালে টাঙানো তার জামাইবাবুর ছবিটার দিকে। বিছানা থেকে উঠে ছবিটার দিকে এগিয়ে গেল। মনে হল ছবিটা যেন জীবন্ত হয়ে তার দিকে তাকিয়ে হাসছে। তারপরেই আবার তার মনে হল, ছবিটার ভেতর থেকে জামাইবাবুর দ’টো শীর্ণকায় লম্বা হাত যেন তার দিকেই ধীরে ধীরে এগিয়ে আসছে।